ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নে একটি ট্রাক ইঞ্জিন চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মিঠু সরকার (৪৫) নামের এক যাত্রী। এসময় আহত হন চালকসহ ২ জন।
মঙ্গলবার সন্ধ্যায় দাশুড়িয়ার কালিকাপুর বাজারের সামনে আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মিঠু সরকার নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের আজিজল সরকারের ছেলে। তিনি রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম জানান, ঈশ্বরদী হতে একটি অটোরিকশা পাবনার দিকে যাচ্ছিলো। এসময় পথে আটমাইল নামক স্থানে যাত্রী নামানোর সময় বিপরীত দিক আসা বালুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ট্রাকের চাপায় ঘটনাস্থলে মিঠু মারা যান।
আরও পড়ুনঃ বাস-চাপায় দুই নারী গার্মেন্টকর্মী নিহত, বিক্ষোভ-ভাঙচুর
ঘটনার সঙ্গে সঙ্গে চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশ জানায়, এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/অনি