নারী ফুটবলের উন্নয়নে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আরো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। মুলত মেয়েদের ফুটবলের মান উন্নয়নে বঙ্গমাতা আন্তর্জাতিক অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টটি আয়োজিত হবে।

গতকাল মঙ্গলবার বাফুফে ভবনে ইংরেজী বছরের প্রথম দিনে এ ব্যাপারে ঘোষণা দেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমি যত দিন দায়িত্বে আছি বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে। এবার নতুন একটি টুর্নামেন্ট হবে। বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী টুর্নামেন্ট।’

এ আসরটি আয়োজনের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট করব আমাদের মেয়েদের ফুটবল মান উন্নয়নের জন্য। আমাদের জাতীয় দলে দুই-একজন বাদে সবাই বয়স ভিত্তিক। অন্য দেশের সিনিয়র জাতীয় দলের সাথে খেললে তারতম্য হবে অনেক।’

বাফুফে সভাপতির পরিকল্পনা হচ্ছে মার্চের শেষ কিংবা এপ্রিলে টুর্নামেন্টটি আয়োজনের। মার্চে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। তাই বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্টটি এপ্রিলে গড়ানোর সম্ভাবনাই বেশি। এতে স্বাগতিক বাংলাদেশসহ ৬টি দেশ অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।  

এদিকে নারী ফুটবলাররা বাফুফের তত্ত্ববধায়নে আছেন বছরাধিককাল। যদিও বেশ কয়েক বছর যাবত নারী ফুটবল লিগ হচ্ছে না। এ বাফুফে সভাপতি জানান এ মাসেই লিগটির প্রক্রিয়া শুরু করবে বাফুফে।

কাজি সালাউদ্দিন এ ব্যাপারে বলেন,‘এই মাসের শেষে পেশাদার ফুটবল ক্লাব ও কর্পোরেট প্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানাব। তাদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে নারী ফুটবল লিগ হবে’।

বাংলাদেশ দলের বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণের ব্যাপারেও কথা বলেন দেশের ফুটবল প্রধান। বিশেষ করে চলতি বছরের শেষদিকে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া পর্বের খেলা শুরু হবে।

জাতীয় দলের প্রস্তুতি সম্পর্কে তাই তিনি বলেন,‘গত বছর কোরিয়া, কাতারে দল অনুশীলন করেছিল। এবারও করানো যায়। সেক্ষেত্রে  ক্লাবগুলোর সম্মতি প্রয়োজন।’