সহিংসতায় লুট হওয়া আইফোন বন্ধ করছে অ্যাপল!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

যুক্তরাষ্ট্র জুড়ে ‘জাতিগত সহিংসতায়’ অ্যাপল স্টোর থেকে লুট হয়ে যাওয়া আইফোন ট্র্যাক করার পাশাপাশি সেগুলো বন্ধও করে দেবে অ্যাপল। তবে অ্যাপল সেই ফোনের লোকেশন দেখে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তা জানাবে, এরপরই বন্ধের মতো সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি। জর্জ ফ্লয়েড হত্যার পর সহিংসতা ছড়িযে পড়লে অ্যাপল বেশ কয়েকটি শহরে বেশ কয়েকটি স্টোর এরই মধ্যে বন্ধ করে দিয়েছে। ইতোমধ্যে অ্যাপল তাদের ফোন লুটেরাদের শনাক্তের কাজ শুরু করেছে। একই সঙ্গে লুটেরাদের বেশ কিছু ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে শেয়ারও করেছে। তবে মার্কিন জায়ান্টটি নিরাপত্তার বিষয়ে কোনো মন্তব্য করেনি। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, পোর্টল্যান্ড, ওয়াশিংটন ডিসির স্টোর ভেঙে লুটতরাজ চালানো হয়েছে। এতে ১০৯৯ ডলার দামের আইফোন ১১ প্রো ম্যাক্সসহ বিভিন্ন আইফোন নিয়ে গেছে। তাই অ্যাপল খুব সহজেই বিষয়টিতে থেমে যাচ্ছে না। ইতোমধ্যে অনেক ডিভাইসে তা ফেরত দেবার বার্তা পেয়েছেন লুটেরারা। সেখানে নির্দিষ্ট স্থানে ফেরতের কথা জানানো হয়েছে। অ্যাপল বলছে, তাদের ডেমো ফোনগুলোতে এখন এসব বার্তা দেখানো হয়েছে। শুধু আইফোনেই এমন বার্তা দেখানো হচ্ছে নাকি অন্যান্য ডিভাইসেও দেখানো হচ্ছে সেটি জানায়নি অ্যাপল।