এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. মঞ্জুর-ই-এলাহী

প্রভাষক-আই.সি.টি

নওয়াবেঁকী কলেজ, শ্যামনগর, সাতক্ষীরা

 

সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষার্থী, এপ্রিলের শুরুতেই তোমাদের পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস  বাংলাদেশেও আছড়ে পড়ায় তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়। কবে নাগাদ এই পরীক্ষা আবার শুরু হবে সে বিষয়টি এখনও অনিশ্চিত।  আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। সৃজনশীল প্রশ্নপত্রের উত্তর লেখার নিয়ম অনুযায়ী যদি তোমার উত্তরটি লেখা না হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই তুমি ওই প্রশ্নটি পূর্ণ নম্বর অর্থাত্ ১০ এর মধ্যে ১০ কখনোই পাবে না।

তোমরা নিশ্চয়ই জানো ১০ নম্বরের একটি সৃজনশীল প্রশ্নে ক, খ, গ এবং ঘ চারটি প্রশ্ন থাকে। এখানে ক’এর যে প্রশ্ন সেটিকে আমরা বলি জ্ঞান। খ’এর যে প্রশ্ন সেটিকে বলি অনুধাবন। গ’এর যে প্রশ্ন সেটিকে বলি প্রয়োগ এবং ঘ’এর যে প্রশ্ন সেটিকে বলি উচ্চতর দক্ষতার প্রশ্ন।  তোমরা আরো জানো ক’দাগের এই প্রশ্নের জন্য নম্বর থাকে ১, খ’ দাগের প্রশ্নের জন্য নম্বর থাকে ২, গ’ দাগের প্রশ্নের জন্য নম্বর থাকে ৩ এবং ঘ’ দাগের প্রশ্নের জন্য নম্বর থাকে ৪। তবে তোমরা কি জানো কেন ক’দাগের প্রশ্নের জন্য নম্বর ১, খ’ দাগের প্রশ্নের জন্য নম্বর কেন ২, গ’ দাগের প্রশ্নের জন্য নম্বর কেন ৩ এবং ঘ’ দাগের প্রশ্নের জন্য নম্বর কেন ৪ ? এখানে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে।  এখানে একটি বিষয়ে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে সেটি হল ক’ দাগের যে প্রশ্নটি থাকে সেটি হল জ্ঞানের প্রশ্ন এক্ষেত্রে তুমি জ্ঞানটি যথাযথ বলতে পারলেই ১ নম্বর পাবে।

খ’দাগের যে প্রশ্নটি থাকে সেটাকে বলা হয় অনুধাবনের প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে রয়েছে দুইটি অংশ একটি জ্ঞান এবং অন্যটি অনুধাবন তুমি যদি জ্ঞানটিকে যথাযথভাবে তুলে ধরতে পারো তাহলে তুমি পাবে ১ এবং সেটির অনুধাবন লিখতে পারলে পাবে আরো ১ সর্বমোট ২।

গ’দাগের যে প্রশ্নটি থাকে সেটিকে আমরা বলে থাকি প্রয়োগের প্রশ্ন। এই প্রয়োগ প্রশ্নের মধ্যে তিনটি অংশে থাকে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। এক্ষেত্রে তুমি যদি জ্ঞানটি উদ্দীপকের আলোকে বই থেকে খুঁজে বের করে তুলে ধরতে পারো তাহলে তুমি পাবে ১ এবং সেই জ্ঞান এর অনুধাবন বা ব্যাখ্যা বলতে পারলে তুমি পাবে আরো ১ এবং উদ্দীপকের আলোকে তুমি যে জ্ঞানটি কে তুলে ধরেছো তোমার সেই জ্ঞানটি কে যদি যুক্তি দিয়ে প্রমাণ করে দিতে পারো অর্থাত্ তুমি যে জ্ঞানটি চিহ্নিত করলে উদ্দীপকেও যে সেটির কথা বলা হয়েছে সেটি উদ্দীপকের কাহিনীর সাথে যুক্তি দিয়ে মিলিয়ে দিতে অর্থাত্ প্রমাণ করে দিতে পারো তাহলে তুমি পাবে আরো ১ সর্বমোট ৩

ঘ’দাগের যে প্রশ্নটি থাকে সেটিকে আমরা বলি উচ্চতর দক্ষতার প্রশ্ন। এই উচ্চতর দক্ষতার প্রশ্নের মধ্যে চারটি অংশ থাকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এক্ষেত্রেও তুমি যদি উদ্দীপকের আলোকে জ্ঞানটিকে তুলে ধরতে পারো তাহলে তুমি পাবে ১,আর সেটির অনুধাবন বা ব্যাখা লিখতে পারলে পাবে আরো ১, এবং উদ্দীপকের আলোকে তুমি যে জ্ঞানটি কে তুলে ধরেছো তোমার সেই জ্ঞানটি কে যদি যুক্তি দিয়ে প্রমাণ করে দিতে পারো অর্থাত্ তুমি যে জ্ঞানটি চিহ্নিত করলে উদ্দীপকেও যে সেটির কথা বলা হয়েছে সেটি উদ্দীপকের কাহিনীর সাথে যুক্তি দিয়ে মিলিয়ে দিতে অর্থাত্ প্রমাণ করে দিতে পারো তাহলে তুমি পাবে আরো ১, এখন চতুর্থ নম্বরের জন্য উচ্চতর দক্ষতার যে বিষয়টি সেটিকে ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে কোন বিষয় সম্পর্কে তোমার মতামত, যুক্তি, সংশ্লেষণ বা বিশ্লেষণ চাওয়া হয়েছে।

যদি সেটি উদ্দীপকে উল্লেখিত দুইটি বিষয়ের মধ্যে কোনটি ভালো বা মন্দ ইত্যাদি হয়ে থাকে তাহলে তোমাকে সেটির উত্তর সেভাবেই লিখতে হবে আর যদি সেটি এমন হয়, ঘ’দাগের জন্য উদ্দীপকে যে জ্ঞান বা বিষয়টি তুলে ধরা হয়েছে সেই বিষয়টিকে বিশ্বের, দেশের কিংবা সামাজিক প্রেক্ষাপটে এর গুরুত্ব কিংবা ভালোত্ব বা মন্দত্ত ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয় তাহলে তোমাকে উচ্চতর দক্ষতার বিষয়টি ঠিক সেই আঙ্গিকেই উত্তর করতে হবে এবং দক্ষতার এই বিষয়টি তুমি যদি সঠিক ভাবে তুলে ধরতে পারো পাবে আরও ১ নম্বর এই হলো সর্বমোট ৩।