এএফসি কাপের পর ফিফার খেলাও মাঠে গড়াচ্ছে

জামালদের খেলা অক্টোবরে

সোহেল সারোয়ার চঞ্চল

ফুটবল মাঠে গড়ানোর জন্য এএফসি ঝাঁপিয়ে পড়েছে। এএফসি কাপ ফুটবলের সুচি নিয়েই শুধু কাজ করছে না, সেই সঙ্গে ফিফার খেলাগুলো নিয়েও কাজ শুরু করেছে। কারণ এএফসির এশিয়ান কাপের সঙ্গে সম্পৃক্ত কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলাগুলো। আর এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের খেলাগুলো হয়ে গেলে একঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। ৮ ও ১৩ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর খেলার তারিখ নির্ধারণ করেছে এএফসি।  কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৩ দোহা এশিয়ান কাপ ফুটবলের দুটি আসরের বাছাই চলছিল কিন্তু করোনা ভাইরাস, কোভিড-১৯ এর আঘাতে সব লণ্ডভণ্ড হয়ে যায়। খেলা হয় বন্ধ। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে কেটে গেছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বন্ধ না হলেও স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া সবাই। এএফসি ফিফাও তাদের ফুটবল কার্যক্রমে গতি আনতে মরিয়া। এরই মধ্যে এএফসি কাপে ক্লাব ফুটবলের খেলাগুলো অক্টোবরে নিরপেক্ষ ভেন্যুতে করার ব্যাপারে আলোচনা করেছে। এখন তারা এশিয়ান কাপের খেলাগুলো আয়োজন করতে উদ্যোগ নিয়েছে।

এশিয়ান কাপের খেলা আয়োজন করতে গিয়ে ম্যাচের দিনক্ষণ নির্ধারণ করে ফিফার কাছে একটা প্রস্তাবনাও পাঠিয়েছে এএফসি। আগামী অক্টোবরে খেলা আয়োজন করতে চায়। গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশের আট ম্যাচের মধ্যে চারটি হয়েছে। বাকি চারটির দুইটি অক্টোবরে এবং শেষ দুইটি নভেম্বরে। এটা চূড়ান্ত না। প্রস্তাবনা। ফিফা সব কিছু পর্যবেক্ষণ করে দেখবে। কারণ হোম অ্যান্ড অ্যাওয়ের ম্যাচ। চাইলেই হুট করে আয়োজন করা চূড়ান্ত করবে না। তবে এএফসি ধরে নিচ্ছে করোনার সার্বিক পরিস্থিতি ভালো হবে। পজিটিভ দিকেই এগিয়ে যেতে চায়। যদি তাই হয়, তাহলে ধরে নেওয়া যেতে পারে অক্টোবরে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল।  

বাফুফে বলছে, এএফসির কথাটা মাত্রই উঠেছে। ফিফা অনুমোদন দেবে তারপর দেশগুলোর প্রস্তুতিও শুরু হবে। বাছাই পর্বে বাংলাদেশের ই গ্রুপে রয়েছে ভারত, কাতার, আফগানিস্তান, ওমান। জানা গেছে, করোনার মধ্যেই গ্রুপ সেরা কাতার অনুশীলনে নামছে। এই সপ্তাহেই কাতার অনুশীলন শুরু করবে। কবে থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে সেটা এখনো নির্ধারণ হয়নি।

বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ১৬ আগস্ট হতে। বাফুফে চাইছে তার আগেই কোচ ঢাকায় এসে কাজ শুরু করুক। কিন্তু চাইলেই তো হবে না। চুক্তির আগে জেমি ঢাকায় আসতে তার পরিবারের অনুমতি লাগবে। স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করছে। আর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন জেমির সঙ্গে চুক্তির সবই চূড়ান্ত আনুষ্ঠানিকতাই বাকি। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক করে জেমি এবং জাতীয় দলের অনুশীলনের বিষয়টি চূড়ান্ত হবে।