স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরে কয়েক বছর ধরে বোরো ধানের ন্যায্যমূল্য না পেলেও এবার ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে, ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় এবার বেশ লাভবান হবেন বোরো চাষিরা। দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ হাটে শুক্রবার গিয়ে দেখা গেছে, বিআর-২৮ জাতের শুকনা ধান প্রতি বস্তা (৭৫ কেজি) বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকা থেকে ১ হাজার ৯৫০ টাকায় আর কাঁচা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়, মিনিকেট শুকনা ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১ হাজার ৮০০ টাকা, আর কাঁচা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫৫০ টাকা, শম্পা শুকনা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায় এবং কাঁচা শম্পা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায় এবং বিআর-১৬ জাতের শুকনা ধান প্রতি বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৮৫০ টাকায় এবং কাঁচা বিআর-১৬ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১ হাজার ৬০০ টাকায়। বাজারে ধান বিক্রি করতে আসা কৃষকরা জানান, যে ধান এবার তারা এখন বিক্রি করতে পারছে প্রতি বস্তা (৭৫ কেজি) ১ হাজার ৯০০ টাকায়, সেই একই ধান গত বছর একই সময়ে ১ হাজার ২০০ টাকার ওপর দাম পায়নি তারা। ধান বিক্রি করতে আসা সদর উপজেলার কৃষক হাফিজউদ্দীন জানান, গত কয়েক বছর ধরেই বোরো মৌসুমে ঠিকমতো ধানের দাম পাননি তারা। কিন্তু এবার বাজারে যে ধানের দাম তাতে, বোরো আবাদ করে এবার বেশ লাভবান তারা। বাজারে ধান কিনতে আসা বিভাকর বসাক জানান, এবার মোটা চালের চাহিদা থাকায় বেশি দামে ধান কিনছেন মিল মালিকরা। এজন্যই বাজারে বোরো ধানের ভালো দাম রয়েছে। দাম ভালো থাকায় তাদেরও ভালো ব্যবসা হচ্ছে বলে জানালেন বাজারে ধান ক্রেতারা।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তৌহিদুল ইকবাল জানান, দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে ১ লাখ ৭১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এতে চালের আকারে ফলন ধরা হয়েছে প্রায় ৮ লাখ মেট্রিক টন। শেষ মুহূর্তে কিছু প্রাকৃতিক দুর্যোগ হলেও তাতে ফলনের ওপর কোনো প্রভাব পড়বে না। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় কৃষকরা বেশ লাভবান হবেন।