পাবনা প্রতিনিধি
সদর উপজেলার ভাড়ারায় একজনকে গুলি করে ও আতাইকুলার মধুপুরে অপরজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে পৃথক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহতরা হলো সদর উপজেলার ভাড়ারা খাঁ পাড়ার কালু খাঁর ছেলে হুকুম আলী খাঁ (৬৫) ও মধুপুর পশ্চিমপাড়ার আব্দুল মজিদের ছেলে মজনু মিয়া (৪০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, শুক্রবার রাতে হুকুম আলীকে কয়েক জন অজ্ঞাত ব্যক্তি বাড়ি এসে ডাক দেয়। সে ঘর থেকে বের হওয়া মাত্র গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাপাতাল মর্গে পাঠায়। কি কারণে হত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, এদিন রাত ১১টা দিকে আতাইকুলার ধর্মগ্রাম বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল মজনু মিয়া। পথিমধ্যে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।