ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
ডুমুরিয়া পল্লিতে একসন্তানের জননী চন্দনা দাস (২৫) নামের এক গৃহবধূর লাশ থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে গৃহবধূর স্বামী অনিমেশ দাস ডুমুরিয়া থানায় শনিবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলা নং-৩১। ঘটনাটি ঘটেছে উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর (পুটিমারি) গ্রামের দাসপাড়ায়।
প্রায় ছয় বছর পূর্বে ডুমুরিয়া থানার চুকনগর (পুটিমারি) গ্রামের কালাচাঁদ দাসের ছেলে অনিমেশ দাসের সঙ্গে সাতক্ষীরা জেলার তালা থানার খানপুর গ্রামের কার্ত্তিক দাসের মেয়ে চন্দনা দাসের বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছরের অহনা নামের কন্যাসন্তান রয়েছে। ডুমুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। দম্পতিদের বাড়িতে বিদ্যুত্ না থাকায় শনিবার রাতে প্রতিবেশি যুগল দাসের বাড়িতে তারা ঘুমাতে যায়। ভোরে স্বামী অনিমেষ স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজ নিতে নিজ বাড়ির ঘরের মধ্যে ঢুকে আড়ার সঙ্গে শাড়ির ফাঁসে স্ত্রীকে ঝুলতে দেখে।