১৩১ বাড়ি ও স্থাপনায় মিলল এডিস মশার লার্ভা

মশক নিধনে ডিএনসিসির অভিযান

ইত্তেফাক রিপোর্ট

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সকল ওয়ার্ডে (৫৪টি) একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করেছে। গতকাল শনিবার অভিযানে ৫৪টি ওয়ার্ডে মোট ১১ হাজার ৯৬৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৩১টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৮ হাজার ৩৮০টি বাড়ি-স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এডিস মশার লার্ভা পাওয়ায় আটটি বাড়ি-নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়েছে।

লার্ভা পাওয়া স্থানগুলো হচ্ছে: পরিত্যক্ত টায়ার, বালতি, ফুলের টব, বোতল, পানির মিটার, গ্যারেজ, পানির হাউজ, মাটির পাত্র, ভাঙা মগ, বাড়ির মেঝে, পানির ট্যাংক, প্লাস্টিকের পাত্র, ছাদের ড্রেন, দইয়ের পাত্র, পরিত্যক্ত কমোড, ডাবের খোসা, ভাঙা পাতিল, বেইজমেন্ট, দুই বাড়ির মধ্যবর্তী স্থান। অভিযান চলাকালে সব এলাকাতেই এলাকাবাসীকে এডিস মশার বিস্তার রোধে সচেতন করা হয় এবং জরুরি প্রয়োজনে রাস্তায় বের হলে অবশ্যই মাস্ক পরিধানসহ সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। অভিযান চলাকালে ওয়ার্ড কাউন্সিলর, ডিএনসিসির বর্জ্য ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১০ দিনব্যাপী এ অভিযান শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে। চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশ্যে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাব-সেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে অর্থাত্ ১০টি সাব-সেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।