সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষতিপূরণ

সরাসরি দায়িত্ব পালনকালে সরকারি চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সশস্ত্র বাহিনী এবং প্রশাসনসহ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা আক্রান্ত হয়ে মারা গেলে সরকার ক্ষতিপূরণ বাবদ গ্রেডভেদে ৫ থেকে ১০ লাখ টাকা এবং মারা গেলে ২৫ থেকে ৫০ লাখ টাকা দেওয়ার পরিপত্র জারি করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা বলা না হলেও তাঁরা প্রশাসনিক নির্দেশে মাঠপর্যায়ের অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৫০ লাখ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ২৫০০ টাকা করে নগদ সহায়তা কার্যক্রমের তথ্য যাচাই-বাছাইয়ের কাজও তাঁরা করেছেন। বিদ্যালয় বন্ধ থাকলেও উপবৃত্তির তালিকা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কাগজপত্র অফিসে জমা দেওয়া, ঘরে ঘরে বিস্কুট বিতরণ এবং টিভির পাঠদানের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ ও সমন্বয় সাধনসহ দাপ্তরিক বিবিধ গুরুত্বপূর্ণ কাজে শিক্ষকগণ সক্রিয়। ইতিমধ্যে শতাধিক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। জীবনও হারিয়েছেন একাধিক জন। তাই শিক্ষকদের মধ্যে যাঁরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বা মারা গিয়েছেন, তাঁদের করোনাকালীন উল্লিখিত বিশেষ সুবিধা প্রদানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

আবু ফারুক

সহকারী শিক্ষক, ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান