পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিচার দাবিতে শুক্রবার রাতেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। ১১তম দিনের এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। কারণ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শীর্ষক বিক্ষোভের মুখে প্রশাসন তাদের নীতিতে পরিবর্তন আনতে শুরু করেছে। এদিকে ব্ল্যাক লাইভস ম্যাটার—বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বড়ো বড়ো শহরে বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার যুক্তরাজ্যের লন্ডনে হাজার হাজার মানুষ বর্ণবাদের বিরুদ্ধে এবং জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ার বড়ো শহরগুলোতে। সিডনির একটি আদালতের নিষেধাজ্ঞার পরও বিক্ষোভ হয়েছে ব্রিসবেনে। জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিক্ষোভে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে সাইপ্রাসে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে। বিশ্বজুড়ে বর্ণবৈষম্যের প্রতিবাদে কানাডায় আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে বিক্ষোভের সংহতি জানিয়ে হোয়াইট হাউজের কাছের রাস্তাটির নাম পরিবর্তন করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ রাখার ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র। খবর : বিবিসি, সিএনএন ও আলজাজিরার।
গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়েপোলিস শহরে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নিহত হন। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রে টানা বিক্ষোভ চলছে। ফ্লয়েডকে হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। এরই মধ্যে পুলিশ বিভাগে বেশ কিছু তাত্ক্ষণিক সংস্কারের পক্ষে মত দিয়েছে মিনিয়েপোলিস সিটি কাউন্সিল। এসব সংস্কারের মধ্যে রয়েছে, পুলিশ কর্তৃক হাঁটু দিয়ে কারও গলা চেপে ধরা। ক্ষমতার অপব্যবহার হিসেবে যখন-তখন হস্তক্ষেপের বিষয়টিও নিষিদ্ধ করা হবে। শুক্রবার এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তগুলো পাশ হয়েছে। তবে এগুলো কার্যকর হতে একজন বিচারকের অনুমোদন প্রয়োজন হবে। মিনিয়েপোলিসের মেয়র জ্যাকব ফ্রে কাউন্সিল ভোটের পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। পুলিশ বিভাগে সংস্কার আনার কথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নরও। ডেনভারে পুলিশকে টিয়ার গ্যাস রাবার বুলেট ছুড়তে নিষেধ করেছে আদালত। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে পুলিশের স্পেশাল টিম থেকে একযোগে পদত্যাগ করেছেন ৫৭ জন কর্মকর্তা। তারা বাহিনীর ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য ছিলেন। একজন বয়স্ক নাগরিকের সঙ্গে নির্দয় আচরণের দায়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। ঐ বরখাস্তের পরই পদত্যাগের ঘোষণা দেন ৫৭ কর্মকর্তা।
তবে তারা শুধু ইমার্জেন্সি রেসপন্স টিম থেকে পদত্যাগ করেছেন, পুলিশ বাহিনী থেকে নয়। এদিকে ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল ব্রাউজার হোয়াইট হাউজের সামনের রাস্তার নাম পরিবর্তন করে ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের কাছের একটি গির্জায় যাওয়ার সুযোগ করে দিতে ঐ রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঐ রাস্তায় হলুদ রঙে বড়ো করে লেখা হয়েছে ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগানটি। বর্ণবাদের বিরুদ্ধে ও জর্জ ফ্লয়েডের হত্যার বিচার দাবিতে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলের বিক্ষোভে কালো মাস্ক পরে হাজির হন। এসময় তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। যদিও এর আগে তিনি বিক্ষোভে অংশগ্রহণ ও প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।