আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপির শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। শুক্রবার ভোরে ব্রেনস্ট্রোক করার পর সফল অস্ত্রোপচার হলেও এখনো তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেঁধে আছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে আছেন। আগামী ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে মোহাম্মদ নাসিমের চিকিত্সায় ন্যাশনাল ইনস্টিটিউট ও নিউরো সাইন্স এর পরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বিকেলে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে চিকিত্সকরা জানান, অস্ত্রোপচার সফল হলেও তার অবস্থা এখনো সঙ্কটাপন্ন। হাসপাতালে তার আন্তর্জাতিক মানের চিকিত্সা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তারা। এ বিষয়ে মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘মোহাম্মদ নাসিমের শারীরিক পরিস্থিতি ক্রিটিক্যাল। আগামীকাল (রবিবার) কী হবে তা আমরা এই মুহূর্তে বলতে পারি না। সময়ের সঙ্গে পরীক্ষানিরীক্ষা করে সেটা বলতে হবে।’ জানা গেছে, অপারেশনের পরদিন গতকাল ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অপারেশন পরবর্তী ৪৮ ঘণ্টা পর মোহাম্মদ নাসিমের সিটি স্ক্যান করা হবে।
এর আগে শনিবার দুপুরে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সম্পর্কে তার ছেলে তানভির শাকিল জয় বলেন, ফুসফুসের সংক্রমণ নিয়ে ৫ দিন আগে ভর্তি হয়েছিলেন। পরে তার করোনা ভাইরাস ধরা পড়ে। করোনা ভাইরাস থেকে আব্বা (মোহাম্মদ নাসিম) খুব দ্রুত রিকভার করে। কিন্তু গতকাল (শুক্রবার) সকালে আব্বার ম্যাসিভ ব্রেনস্ট্রোক হয়। সঙ্গে সঙ্গে অপারেশন করে যে রক্ত জমাট বেঁধে ছিল সেগুলোর অধিকাংশই অপসারণ করা হয়। কিন্তু তারপরও আব্বা অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। কেননা এতো বেশি রক্তক্ষরণ হয়েছে যে মাথার ভেতরে এখনো বেশ কিছু রক্ত জমাট বেঁধে আছে। এসময় দেশবাসীর কাছে পিতার জন্য দোয়া চান তিনি।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১ জুন শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরের তিন দিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শুক্রবার ভোরে মোহাম্মদ নাসিমের ব্রেইন স্ট্রোক হয়। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালের চিকিত্সকরা তার দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় গতকাল বিকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হোন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি মোহাম্মদ নাসিমের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।