করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

মহামারি করোনার উপসর্গ গলা ব্যথা, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে গত শুক্রবার বিকাল থেকে গতকাল শনিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য মৃতদের নমুনা সংগৃহীত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকের দাফন করা হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার বানিয়াশুরী গ্রামে এক গৃহবধূ (৪০) ও উত্তর সরিকল গ্রামের এক মুক্তিযোদ্ধার পুত্র (৪৫) এবং মেহেন্দিঞ্জে শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এক যুবক (৪০) ও আগৈলঝাড়ার রামানন্দেরআঁক গ্রামে অপর এক ব্যক্তি (৪৫) করোনার উপসর্গে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। বরিশালের ছয় জেলায় গতকাল পর্যন্ত করোনায় মোট ১৮ মৃত্যু ও ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। পিরোজপুরের স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে গতকাল সখিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী। এদিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জাহিদুল মুন্সী (৬৫) নামে এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে ।  সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা এ তথ্য জানান

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে।  এরা হলেন বাকিলার বাখরপাড়া গ্রামের আবদুর রব অরুন। বড়কুল ইউনিয়নের তিন জন। এরা হলেন স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিব কুমার রায়, সুপারি ব্যবসায়ী ধোপা বাড়ীর রাধা কৃষ্ণ দাস ও পল্লি চিকিত্সক আহসান উল্যাহর স্ত্রী হোসনে আরা বেগম। অপরজন হাজীগঞ্জ পূর্ব বাজারের এক ফার্নিচার ব্যবসায়ীর স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সোয়েব আহমেদ চিশতী এ তথ্য জানান। একই জেলার মতলব পৌরসভার দগরপুরে (৬৫) এক ব্যক্তি গতকাল মারা গেছেন। তিনি ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে এসেছিলেন। এদিকে কুমিল্লার লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আবুল বাশার বাদশা (৫৫) নামে একজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুর রহমান (৫২) নামে এক চায়ের দোকানদার মারা গেছেন। পরিবারের সদস্যরা তার মরদেহ দাফনে অপারগতা প্রকাশ করলে পুলিশ ও চিকিত্সকরা তাকে দাফন করেন। একই জেলার পলাশবাড়ী উপজেলা শহরের প্রফেসরপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা (৬৫) করোনার উপসর্গে গতকাল মারা যান। রাষ্ট্রীয় মার্যাদায় তাকে দাফন করা হয়েছে। এদিকে ময়মনসিংহে গতকাল কামরুল হুদা শাকের নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ছিলেন। তার বাড়ি ত্রিশাল উপজেলায়। তিনি ধলা আদর্শ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ছিলেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঢাকাফেরত জাহানারা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামে তার মৃত্যু হয়। তিনি হায়দর আলীর স্ত্রী।

চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনার উপসর্গে মো. একরামুল ইসলাম (৪৬)  নামে পুলিশের এক এসআই মারা গেছেন। ওসিসহ ছয় জন করোনায় আক্রান্ত  হয়েছেন। গতকাল ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি মির্জা নুরুন নবী (৬৫) মারা গেছেন। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট পাওয়া যায়নি। একই জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আরো এক বাসিন্দার (৬০) মৃত্যু হয়েছে। তিনি জেলা শহরের নিজ বাসায় মারা যান। বান্দরবানে গতকাল শাহাজাহান নামে বিটিসিএলের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তার আত্মীয় মোহাম্মদ ইকবাল বলেন, তিনি সপ্তাহখানেক ধরেই জ্বর, সর্দি-কাশি, বুকে ব্যথায় ভুগছিলেন।

ইত্তেফাকের ব্যুরো অফিস, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।