টানা তিন দিনের প্রবল বর্ষণ, পাহাড়িঢল ও চা-বাগান থেকে নেমে আসা পানিতে ঢাকা-সিলেট মহাসড়কের (পুরাতন) চুনারুঘাট ছন্ডিছড়া ব্রিজ ফের হুমকির মুখে। জরুরিভাবে রক্ষণাবেক্ষণ করা না হলে চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিতে যে কোনো সময় তলিয়ে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে ঢাকা-সিলেট মহাসড়ক। এছাড়া রামগঙ্গা এলাকায় আরো পাঁচটি ব্রিজ মারাত্মক ঝুঁকিপূর্ণ। কোথাও মাটি সরে গিয়ে গ্যাস পাইপলাইন বেঁকে গেছে। চান্দপুর চা-বাগানের ভেতরে জোয়ালভাঙ্গা নামক স্থানে একটি ব্রিজের প্রায় ১০০ ফুট অ্যাপ্রোচ পানিতে তলিয়ে গেছে। ফলে আহমদাবাদ ও দেওরগাছ ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ আটকা পড়েছে। অতি শিগগিরই আংশিক ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত না করলে চুনারুঘাটের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর সড়ক ও জনপদ বিভাগের সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার অয়তিশ গৌস্বামী, এলজিইডি কর্তৃপক্ষ উল্লেখিত স্থানগুলো পরিদর্শন করেছেন।
সরেজমিন চুনারুঘাট ঢাকা-সিলেট মহাসড়কের ছন্ডিছড়া থেকে তেলিয়াপাড়া পর্যন্ত পাঁচটি ব্রিজ মারাত্মক ঝুঁকিপূর্ণ। অধিকাংশ অংশেই ব্রিজের একপাশ থেকে মাটি সরে গেছে। অপরিকল্পিতভাবে চা-বাগানের ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের ফলে ছড়া গভীর হয়েছে। ফলে প্রবল বর্ষণে পাহাড়ি ঢল ও চা-বাগানের পানিতে মাটি সরে যাচ্ছে।