প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করলেন জো বাইডেন

আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিশ্চিত করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি প্রয়োজনের চেয়েও বেশি ডেলিগেটের সমর্থন পেয়েছেন। এরই মধ্যে এক জরিপে জনপ্রিয়তায় তিনি রিপাবলিকান দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও এগিয়ে আছেন। খবর সিএনএনের

গত এপ্রিলে সিনেটর বার্নি স্যান্ডার্স   প্রার্থিতা প্রত্যাহারের পরই বাইডেনের মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছিল। কিন্তু গতকাল তিনি মনোনয়ন পাবার জন্য প্রয়োজনীয় এক হাজার ৯৯১ জনের চেয়েও একজন বেশি ডেলিগেটের সমর্থন পেয়েছেন। গতকাল শনিবার গুয়ামে জয়ই তাকে এই ফল এনে দিয়েছে। এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, তিন মাসেরও বেশি সময় আগে আমি সাউথ ক্যারোলিনায় দাঁড়িয়ে আমার জন্য কাজ করতে মানুষকে আহ্বান জানিয়েছিলাম। মার্কিনীরা নিজের ক্ষতি করেও আমাকে সমর্থন জানিয়েছেন এবং আমার জন্য কাজ করেছেন। আজকের ফলাফল সেই চেষ্টারই ফসল। আগামী আগস্টে ডেমোক্র্যাটদের দলের সম্মেলনে বাইডেনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

জরিপে এগিয়ে বাইডেন

সিএনএনের এক জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৫১ শতাংশ এবং ট্রাম্পের প্রতি আছে ৪১ শতাংশের। এপ্রিলে বাইডেনের প্রতি ছিল ৪৮ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ছিল ৪৩ শতাংশ মানুষের সমর্থন। বর্তমানে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে চলা বিক্ষোভে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা মন্তব্যে অনেক মার্কিনিই ক্ষুব্ধ। সেক্ষেত্রে বাইডেন এগিয়ে। তিনি ফ্লয়েডকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন। শুক্রবার বেকারত্ব হ্রাস নিয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এটা ফ্লয়েডের জন্য একটা দারুণ দিন। ফ্লয়েডকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের কঠোর নিন্দা জানান বাইডেন।