রাজধানীর আগারগাঁও এলাকা থেকে পিকআপ ভ্যানভর্তি মালপত্র ডাকাতির ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-২। তারা হলেন—মিরাজ কাজী ও ইসমাইল সরদার। গত শুক্রবার আগারগাঁও ও রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহূত পিকআপ ও লুণ্ঠিত মালপত্র উদ্ধার করা হয়।
র্যাব-২-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সিনিয়র এএসপি জাহিদ আহসান জানান, ‘শিউলী আক্তার নামে এক নারী গত ২৬ মে পিকআপ ভ্যান ভাড়া করে গাজীপুর থেকে পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজার বস্তি এলাকায় আসছিলেন। পথে ইউজিসি ও বিপিএসসি ভবনের মধ্যবর্তী রাস্তায় হঠাত্ পিকআপ থামিয়ে দেয় চালক। এ সময় মিরাজ কাজী তার গলায় ছুরি ধরে ও ইসমাইল সরদার চাপাতি দিয়ে কোপানোর ভয় দেখায়। আর বিল্লাল নামে আরেকজন তার গলা থেকে চেইন খুলে নেয়। ঘটনাস্থলে আগে থেকেই ওঁত্ পেতে থাকা পাঁচ জন তাকে পিকআপ থেকে নামিয়ে দেয়। এরপর ডাকাতদল তার সাংসারিক মালপত্রসহ পিকআপ নিয়ে চলে যায়। মালপত্র উদ্ধার ও ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ৩০ মে আবেদন করেন শিউলি আক্তার। গ্রেফতার দুই জনই একাধিক মামলার পলাতক আসামি।’