এই সময়ের ছড়া

ফুটবল ও চুইংগাম

পিঁপ করে যেই বাজল বাঁশি, বলটা দিল কিক করে,

স্ট্রাইকার চ্যাং চুক চুক উঠল হেসে ফিক করে।

বাম পায়ের রাম কিকটা যখন ফুটবলটার গায় লাগে,

বিটকেলে বল না ছুটে তার শক্ত করে পায় লাগে।

বলবয়রা চোখাচোখি করছিল আর হাসছিল,

মুখের থেকে চুইংগামের বল বেরিয়ে আসছিল।

কায়দা করে বল নিয়ে চ্যাং ছুটল গোলে এক পায়ে,

দর্শকরা বলল, ‘কেমন জাদুমন্ত্র দ্যাখ্ পায়ে!’

গোলকিপারি করছিল এক নাক-বোঁচা কান-গোল লি-পিং,

করে নাই সে এই জীবনে এই রকমের গোল কিপিং।

নিয়মমাফিক চলছে খেলা—লাভ কী গণ্ডগোল করে?

হেঁটে হেঁটে পোস্টে ঢুকে চ্যাং এল এক গোল করে।