গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে লাল মিয়া নামের এক বখাটে সনাতন ধর্মের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ছাত্রীর (২২) শ্লীলতাহানি করেছে। এ ঘটনায় ঐ ছাত্রী থানায় মামলা করেছেন। অভিযুক্তকে আটক করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেলে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। আটককৃত লাল মিয়া ব্রাহ্মণগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী ঐ ছাত্রী জানান, গত ২ জুন ব্রাহ্মণগাঁও বাজার থেকে খাতা কিনে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লাল মিয়া তার গতিরোধ করে এবং বিভিন্ন অশালীন কথাবার্তা শুরু করে। এর প্রতিবাদ করলে এক পর্যায়ে লাল মিয়া তার পরিহিত লুঙ্গি উঁচু করে স্পর্শকাতর স্থান দেখায় এবং তার গায়ের ওড়না ধরে টানাটানি করে। তার চিত্কারে পরিবার এবং আশপাশের লোকজন ছুটে আসলে লাল মিয়া পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, লাল মিয়া প্রকৃতপক্ষে লম্পট ও বখাটে প্রকৃতির লোক। এর আগেও তাকে নিয়ে একাধিক বিচার-সালিশ হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে আটক করা হয়েছে।