তৃতীয় বারের মতো প্লাজমা থেরাপি নিলেন ডা. জাফরুল্লাহ

করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ  চৌধুরীকে আবারও প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিত্সক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফির বরাত দিয়ে জনসংযোগ বিভাগের কর্মকর্তারা এ কথা জানিয়েছে। আক্রান্ত হওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিলেন তিনি। ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা শুক্রবারের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছে জনসংযোগ বিভাগ।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগতে থাকা জাফরুল্লাহ ডায়ালাইসিসও হয়েছে শুক্রবার। গত ২৫ মে ৭৯ বয়সি জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনদিন ধানমন্ডির বাসায় আইসোলেশনে থাকার পর ধানমন্ডির নগর হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর দুই দফা প্লাজমা থেরাপি দেওয়ার পর শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতির খবর দেওয়া হয় গণস্বাস্থ্য নগর হাসপাতালের ফেইসবুক পেইজে এক পোস্টে। জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরীও করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিত্সকরা।