কেরানীগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণের শিকার ধর্ষক পলাতক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছে। ঘটনাটি ঘটেছে কদমতলী খালপাড় এলাকায় বৃহস্পতিবার রাতে। শিশুটিকে নিয়ে তার বাবা ঐ এলাকার এক বাড়িতে ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি বরিশালে। ঘটনার পর থেকে কথিত ধর্ষক দ্বীন মোহাম্মদ (৩৫) পলাতক রয়েছে।

খালপাড়ের ঐ বাড়ির পাশের বাসার ভাড়াটিয়া রিনা বেগম জানান, ধর্ষক দ্বীন মোহাম্মদ তার স্ত্রীকে নিয়ে একই বাড়ির পাশের একটি রুমে ভাড়া থাকে। কয়েক দিন আগে তার স্ত্রী বাবার বাড়ি যায়। বৃহস্পতিবার রাতে শিশুটি তার রুমে টিভি দেখতে গেলে দ্বীন মোহাম্মদ শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় তাদের রুমে এসে কান্নাকাটি করে। ঘটনা জানাজানি হলে এক পর্যায়ে ধর্ষক দ্বীন মোহাম্মদ তার ঘরে তালা মেরে কৌশলে পালিয়ে যায়। রাতেই শিশুটিকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এদিকে ধর্ষক দ্বীন মোহাম্মদ এবং তার আত্মীয়স্বজন এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হচ্ছে। এবিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।