দু’একদিনের মধ্যে মহাজোটের আসন বণ্টন চূড়ান্ত হবে

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, প্রতিটি আসনেই জাপার রিজার্ভ ভোট আছে। প্রতিটি আসনে জয়-পরাজয়ে তারাই মূল ভূমিকা রাখবেন। আওয়ামী লীগের সাথে জাপা থাকলে প্রতিটি আসনে মহাজোটের প্রার্থীর বিজয়ের পথ সহজ হবে। আর জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাপা মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নেবে। আলাপ-আলোচনার মাধ্যমে দু’-একদিনের মধ্যে মহাজোটের আসন বণ্টন চূড়ান্ত হবে। আশা করছি জাপা প্রত্যাশা অনুযায়ী আসন পাবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের এসব কথা বলেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী ও মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন। জিএম কাদের গতকাল ঢাকা-১৮ আসন থেকেও নিজের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। জাপা জানায়, গত তিনদিনে মোট ১ হাজার ৯৮৬টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।