ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ১০৬টি পরিবারের মধ্যে নগদ টাকা, ঢেউ টিন বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের টর্নেডো আক্রান্ত ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত ২০০ বান্ডিল টিন ও নগদ আট লাখ টাকা বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৬ ডাকাত আটক
উল্লেখ্য, শনিবার সকালে টর্নেডোর আঘাতে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়া, ডাংকবাংলো, গাংকলপাড়া, মহাখালপাড়া ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, শ্রীঘর, বেনীপাড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে একজনের মৃত্যু এবং ১০ জন আহত হন।
ইত্তেফাক/এসি