সোহেল সারোয়ার চঞ্চল
এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে ইনজুরিতে। মাসুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, মো. আব্দুল্লাহরা সঙ্গত কারণেই ছিলেন মাঠের বাইরে। তিন ফুটবলারের জন্যই স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে আবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তারা। এছাড়াও নতুন চার ফুটবলার ডাক পেয়েছেন প্রাথমিক ক্যাম্পে।
যদিও করোনার কারণে মাঠের অনুশীলন এখনো শুরু হয়নি। তবে ইংল্যান্ডে অবস্থানকারী বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে তিন জনকেই আবার ক্যাম্পে ডেকেছেন। এই সময়ে প্রাথমিক দল ঘোষণার কারণটা স্পষ্ট। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলা শুরু করার কথা জানিয়েছে এএফসি। তারিখও ঘোষণা করেছে। আগামী অক্টোবর এবং নভেম্বরে বাংলাদেশের অবশিষ্ট ম্যাচ চারটি হবে। এএফসি এই প্রস্তাবনা পাঠিয়েছে ফিফার কাছে।
জেমি ডে বিষয়টি জানেন। তিনি তার কোচিং স্টাফ নিয়ে অনলাইনে ৩৫ ফুটবলারের সঙ্গে কথা বলেছেন। সেখানে ইনজুরিতে থাকা খেলোয়াড়রাও রয়েছে। করোনা ভাইরাসের কারণে খেলোয়াড়রা ঘরের ভেতরে অবস্থান করছে। মাঠে না যেতে পারলেও ফুটবলারদের হোমওয়ার্ক দিয়ে রেখেছেন।
কে কি করছে, তার হিসাবও নিচ্ছেন জেমি। কতটুকু অনুশীলন করতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে এবং সেটা পুরোপুরি সম্পন্ন করে প্রতিবারই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেমিকে জানাতে হচ্ছে। প্রতি সপ্তাহে খেলোয়াড়দের শারীরিক ওজনও জানাতে হবে। বাফুফে জানিয়েছে ৩৫ ফুটবলারের সবাইকে ভিডিও আপলোড করে নিজেদের প্রস্তুতির সর্বশেষ জানাতে নির্দেশ দিয়েছেন জেমি।
আতিকুর রহমান ফাহাদ ইনজুরিতে ছিলেন। এখন তাদের অবস্থা আগের চেয়ে ভালো। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছে বাফুফে। মাসুক মিয়া জনি বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তাজিকিস্তানে খেলতে গিয়ে আহত হয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে আর মাঠে নামা হয়নি তার। সেই ফুটবলার বসুন্ধরার জার্সি গায়েও মাঠে নামতে পারেননি। এবার তাকে অনলাইন অনুশীলন কার্যক্রমে নিয়েছেন জেমি, জানিয়েছে বাফুফে। ফিফার খেলায় আহত হয়েছিলেন বলে ফিফা জনিকে চিকিত্সার অর্থও দিয়েছে দুই দফায়। শেখ রাসেলের আব্দুল্লাহ নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে আহত হয়ে মাঠ ছেড়ে ছিলেন। সেই আব্দুল্লাহও এখন জেমির অনলাইন প্রশিক্ষণ ক্যাম্পে।
ঢাকায় হওয়া বঙ্গবন্ধু কাপ ফুটবলে খেলা সবাই রয়েছেন জেমির প্রাথমিক তালিকায়। এছাড়াও আরো ফুটবলারকে অনলাইন প্রশিক্ষণ ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশের দুই ফুটবলার রাসেল ও বাবুল, বসুন্ধরার তারিক কাজী, উত্তর বারিধারার সুমন রেজাকে দলে নেওয়ার কথা বাফুফে জানিয়েছে। বসুন্ধরার তারিক কাজী ইউরোপে বসবাস করেন। বাংলাদেশি বংশোদ্ভূত তারিক কাজী এরই মধ্যে লিগের ম্যাচ খেলেছেন।
২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের বাংলাদেশের গ্রুপের অবশিষ্ট ম্যাচগুলোর জন্য ফিফার কাছে প্রস্তাব দিয়ে এএফসি বলেছে ৮ ও ১৩ অক্টোবর বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ এবং ১২ ও ২৭ নভেম্বর হোম দুটি আয়োজন করা যেতে পারে।