ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টার দিকে গেদুড়া ইউনিয়নের ডাবরী সীমান্তের নাগর নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নিজারুল ইসলাম উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মেদনিসাগর গ্রামের আলী হোসেনের ছেলে।

হরিপুর থানার ওসি মোহাম্মদ আমিরুজ্জামান বলেন, লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, নিহত নিজারুল তার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ হত্যাকাণ্ডটি বিএসএফের ঘটানো কিনা তা নিশ্চিত করতে পারেননি। বিজিবি ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।