বালাবাড়ী-সাদুল্যা সড়ক
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের চিলমারীতে কয়েক দিনের টানা ভারী বর্ষণে থানাহাট-রানীগঞ্জ, বালাবাড়ী-সাদুল্যা, রাজারভিটার এলজিইডির আওতাধীন রাস্তায় ধসের কারণে চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে এলজিইডির একাধিক ব্রিজ। শুক্রবারের প্রবল বর্ষণে উপজেলার কেসি রোড সংলগ্ন সাগর ফিলিং স্টেশনের নিকট ব্রিজ ঘেঁষে রাস্তা ধসে গিয়ে চলাচলে দুর্ভোগসহ ব্রিজটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। একই রাস্তায় হ্যালিপ্যাডের পুকুর সংলগ্ন এলাকায় ব্যাপক ধসের ফলে প্রায় ৫০ মিটার রাস্তার এক পাশের মাটি পুকুরে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় শ্রমিক নেতা বাদশা মিয়া জানান, রাস্তা ধসে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। রাস্তা সংস্কার করা না হলে চলতি বর্ষা মৌসুমে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যাবে এবং লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজগুলোর ব্যাপক ক্ষতি হবে। অপর দিকে বালাবাড়ী-সাদুল্যা রাস্তার নালার ব্রিজ সংলগ্ন রাস্তার মাটি সরে গিয়ে চরম হুমকির মুখে পড়েছে ব্রিজটি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহ্র সঙ্গে কথা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজ পরিদর্শন করেছি। দ্রুত সংস্কারে এলজিইডিকে নির্দেশ প্রদান করা হয়েছে।