করোনায় বিক্রি নিয়ে শঙ্কায় চাষিরা
স্টাফ রিপোর্টার, রংপুর
চলতি মাসের মাঝামাঝি গাছ থেকে ‘হাঁড়িভাঙা’ আম পাড়া শুরু হবে। বাজারেও পাওয়া যাবে রংপুরের জনপ্রিয় ও সুস্বাদু এই আম। তবে এবার করোনাকালে হাঁড়িভাঙার বাণিজ্যিক বাজার নিয়ে চিন্তিত আমচাষিরা।
রংপুরের কৃষি বিভাগ বলছে, এবার রংপুর অঞ্চলে হাঁড়িভাঙার ফলন ভালো হয়েছে। সারাদেশে জনপ্রিয়তার তালিকায় থাকা এই আম এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরিপক্ব হবে। এ সময়ে বাগানমালিকরা গাছ থেকে হাঁড়িভাঙা আম পাড়তে পারবেন। তখন থেকে বাজারজাতও করা যাবে। এবার রংপুর অঞ্চলে ৩ হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের ফলন হয়েছে। তবে সঠিক সময়ে বাজারজাত করতে না পারার শঙ্কা করছেন চাষিরা। এদিকে ফলন ভালো হলেও গত দুই সপ্তাহের ঝড়-বাতাসে আমের কিছুটা ক্ষতি হয়েছে।
এদিকে হাঁড়িভাঙা আমের সম্প্রসারক হিসেবে পরিচিত আব্দুস ছালাম সরকার জানান, তিনি এবার ১৪ একর জমিতে হাঁড়িভাঙা আমের চাষ করেছেন। বিগত বছর এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা অধিকাংশ আমচাষিদের বাগান কিনে নিতেন। কিন্তু এবার করোনার কারণে বেকায়দায় পড়তে হয়েছে। এরই মধ্যে গেল কয়েকদিনের কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে তার বাগানের আম নষ্ট হয়েছে।
মিঠাপুকুরের সফল এই আমচাষি জানান, জুনের তৃতীয় সপ্তাহ থেকে এই আম পরিপক্ব হয়ে ওঠে। ফলে তখন বাজারজাত করা যায়। এর মধ্যে আম বিক্রি না হলে গাছেই পচাতে হবে আম।
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, এরই মধ্যে বিখ্যাত এই আমের বাজারজাতকরণে কৃষি বিভাগ পরিকল্পনা গ্রহণ করেছে। বড়ো বড়ো চাষিদের সঙ্গে ব্যবসায়ীদের অনলাইনের মাধ্যমে যোগাযোগ করানো হবে। আমচাষিদের তালিকা প্রণয়নের কাজ করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির ওপর এবার অনেক কিছু নির্ভর করছে বলেও তিনি জানান।