বরিশাল অফিস
অর্থোপেডিক বিভাগের চিকিত্সক-নার্সসহ ১১ জন করোনায় আক্রান্ত হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগকে লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ঐ বিভাগের দায়িত্বরত অন্য চিকিত্সক ও নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে। রবিবার সকালে হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন সুদীপ হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে রিপোর্টে ঐ বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজিটিভ হয়। এ কারণে পুরো অর্থোপেডিক বিভাগকে লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থোপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে চিকিত্সা দেওয়া হচ্ছে।
করোনা শনাক্তের পরীক্ষা এক দিনের জন্য বন্ধ
এদিকে ল্যাব ও ল্যাবের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষাকার্যক্রম বন্ধ রাখা হয়। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভূষণ জানান, ‘যেহেতু আমরা জীবাণু নিয়ে কাজ করি, তাই নিয়মানুযায়ী কিছুদিন পরপর পুরো ল্যাবটাকেও জীবাণুমুক্ত করতে হয়। শিডিউল অনুযায়ী রবিবার এই মেশিনের ও রুমের জীবাণুমুক্ত করা হয়েছে। আজ থেকে আবারও পরীক্ষা শুরু হবে’।