আগৈলঝাড়ায় নারী নির্যাতন মামলায় শ্বশুর গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

যৌতুকের জন্য প্রবাসী ছেলের স্ত্রীকে মারধর করায় পুত্রবধূর মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গ্রেফতারকৃত শ্বশুর খলিলুর রহমান গাজীকে (৭০) আদালতে প্রেরণ করা হয়েছে। সে বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের বাসিন্দা। এর আগে পুত্রবধূ রাবেয়া বেগম বাদী হয়ে শনিবার সন্ধ্যায় শ্বশুরসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, স্বামী জামাল মালয়েশিয়া পাড়ি জমালে শ্বশুরসহ তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য তাকে মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাবেয়াকে ঘরে আটকে শ্বশুর খলিলুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা মারধর করে। এর পরপরই প্রধান অভিযুক্ত আসামি শ্বশুর মো. খলিলুরকে গ্রেফতার করা হয়।