রাস্তা নিয়ে বিবাদে পুড়লো ঘর, ২ জনের জীবন সংকটাপন্ন

নাটোরের গুরুদাসপুরে বিবাদমান ‘চলাচলের একটি রাস্তা’ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৫জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের চিকুরমোড় এলাকায় স্থানীয় বাসিন্দা তারা মিয়া ও আজিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, বিবাদমান রাস্তা নিয়ে চলা মামলা মামলার হাজিরার দিন ছিল মঙ্গলবার। আদালত থেকে উভয়পক্ষাই বিকালে বাড়িতে আসেন। এক পর্যায়ে আজিম উদ্দিন তার লোকজন নিয়ে তারা মিয়ার বাড়িতে হামলা চালায় এবং তাদের মারধর করে বাড়িতে লুটপাট শেষে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছেন। পরে তারা মিয়ার সমর্থকরা আজিম উদ্দিনের লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। 

আরও পড়ুনঃ নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রবিউল করিম বলেন,  ‘জাহিদুল ইসলাম (৩৫), কিরণ  সরকার (৩০) অবস্থা সংকটাপন্ন। তাদের পায়ের রগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত অনেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কোনো পক্ষই মামলা দায়ের করেনি। তবে তারা মিয়ার ভাই এহিয়াকে আটক করা হয়েছে।’ 

ইত্তেফাক/অনি