সিলেট বিভাগে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যে সিলেটের চার জেলাকেই করোনার ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৭৭ জনে। অপরদিকে, ২৪ ঘণ্টায় সিলেটে মৃত্যু হয়েছে তিন জনের। এর মধ্যে দুই জন সিলেটের ও অপরজন সুনামগঞ্জের। এই নিয়ে বিভাগে মোট মৃত্যুও সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।
এদিকে শহিদ ডা. শামসুদ্দিন হাসপাতালে চিকিত্সাধীন সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। গতকাল রবিবার তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য জানান। শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত মহাপাত্র বলেন, ‘তার শরীরে রক্ত চলাচল একটু কমে গেছে, অক্সিজেনের পরিমাণও বেশি লাগছে। গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরান করোনায় আক্রান্ত হন। তিনি বর্তমানে অনেকটাই সুস্থ।’ এদিকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট জানায়, গতকাল পর্যন্ত সিলেট জেলায় মোট ৮৪৭, সুনামগঞ্জে ২৭০, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫ জন। অপরদিকে সংক্রমণে সিলেট ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত হলেও নগরের রাস্তায় দেখা গেছে যানজট। শারীরিক দূরত্ব নেই। বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। কিছু কিছু মার্কেটে স্যানিটাইজিং এবং স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা থাকলেও অনেক মার্কেটে তাও নেই।