ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনা ভাইরাস শনাক্তের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতির মাধ্যমে ৪০ মিনিটে করোনা ভাইরাস শনাক্ত করা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে এ পদ্ধতির যাচাই-বাছাই করা হয়। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আরটি ল্যাম্প টেস্ট পরীক্ষা পদ্ধতি কোভিড-১৯ রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের পৃথকীকরণ করতে সাহায্য করে। এটি অত্যন্ত সহজ একটি পদ্ধতি। এটি দেশের প্রবেশ পথ এবং উপজেলাপর্যায়ে খুব সহজেই প্রতিষ্ঠিত করা সম্ভব।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং বায়োটেক কনসার্ন যৌথভাবে বিএসএমএমইউতে এই পরীক্ষাটির কার্যকারিতা পরীক্ষার আবেদন করেছে। পরবর্তী সময়ে ড্রাগ এডমিনিস্ট্রেশন বোর্ডে অনুমতির জন্য আবেদন করা হবে।
পরীক্ষা সম্পর্কে অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ বলেন, এ কিট দিয়ে ডিএনএ এবং আরএনএ শনাক্ত করা যায়। কানাডাসহ কয়েকটি দেশে এ পদ্ধতিতে করোনা শনাক্ত করা যায় বলে জানানো হয়। ৪০ মিনিটের কালার রিঅ্যাকশানের মাধ্যমে করোনা পজিটিভ না নেগেটিভ তা জানা যায়। নেগেটিভ হলে এটি গোলাপি রঙ আর পজিটিভ হলে হলুদ রঙ ধারণ করে।