বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, করোনা ভাইরাস সারাবিশ্বের কয়েক শ কোটি মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলেছে। এর অর্থনৈতিক পরিণতি এক দশক ধরে চলতে পারে। শুক্রবার বিবিসি রেডিওতে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, করোনা ভাইরাস বিশ্বের ৬ কোটি মানুষকে নতুন করে চরম দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে। এ ৬ কোটির বেশি মানুষকে প্রতিদিন এক ডলারের কম অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করতে হতে পারে। ম্যালপাস আরো বলেন, করোনা ভাইরাস অর্থনীতির জন্য এক বিধ্বংসী আঘাত। এটি ঠেকাতে লকডাউন শতকোটি মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলেছে যা উদ্বেগজনক। তিনি আরো বলেন, দরিদ্র দেশগুলোর মানুষ কেবল বেকারই নয়, অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রও হারাচ্ছে। বিশ্বব্যাংক ও তার সহযোগীরা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিয়ে যাচ্ছে, তবে এটা যথেষ্ট নয় বলে তিনি মনে করেন। দরিদ্র দেশগুলোর জন্য ঋণ ও ত্রাণ দেওয়ার আহ্বান জানান তিনি।