সংসদ ভবনে আজ বসছে মন্ত্রিসভার বৈঠক

করোনা ভাইরাসের মহামারির মধ্যে এক মাস পর আজ সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক বসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দুপুর ১২টায় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হবে বলে গতকাল রবিবার সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (মন্ত্রিসভা অধিশাখা) রাহাত আনোয়ার।

আজকের বৈঠকে আসন্ন ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্যবিধি অনুযায়ী মন্ত্রিসভার সীমিতসংখ্যক সদস্যকে নিয়ে দূরত্ব বজায় রেখে বৈঠক অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। সূত্র মতে, সরকারের ৪৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকলেও আজকের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার ১০ জন সদস্য অংশ নিতে পারেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব ও সচিব উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আগামী ১১ জুন সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের আগেও সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।

করোনা ভাইরাসের মহামারির বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। এরপর গত ৭ মে গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিন জন মন্ত্রী তাতে অংশ নেন। তখনো দূরত্ব রেখে মন্ত্রিদের বসার ব্যবস্থা করা হয়েছিল, সবার মুখে ছিল মাস্ক।