রাজধানীতে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে ইসরাত জাহান বৃষ্টি (২৬) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রবিবার বিকালের দিকে পুলিশ টিনশেড ঘরের দরজার তালা ভেঙে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, ঢাকা উদ্যানের সি ব্লকের ১ নম্বর রোডের  একটি আধাপাকা টিনশেড ঘর থেকে ঐ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গত চার মাস আগে সবুজ ও বৃষ্টি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঐ ঘরটি ভাড়া নেয়। আপাতত আমরা এই পর্যন্তই জানতে পেরেছি। বিকালে সংবাদ পেয়ে ঐ ঘর থেকে বৃষ্টির মৃতদেহ উদ্ধারের সময় তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। নিহত নারীর মুখে ফেনা দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ঐ পুলিশ কর্মকর্তা জানান।