বিজিএমইএর কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় দুরভিসন্ধি থাকতে পারে :রিজভী

৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণার পরও বিজিএমইএর কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় দুরভিসন্ধি থাকতে পারে। গতকাল রবিবার অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘পোশাকশিল্প মালিক সংগঠন বিজিএমইএর সভাপতি জুন থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রণোদনার ৫ হাজার কোটি টাকা নেওয়ার পর এই ঘোষণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শ্রমিকদের জীবন-জীবিকাকে আমলে না নিয়ে ছাঁটাইয়ের কথা বলা চরম অমানবিক ও মানবতাবিরোধী।’ সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন—এমন অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এ তথ্যগুলো মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক। আল্লাহর অশেষ রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত আছেন। তারা যুক্তরাজ্যে করোনা ভাইরাস রোধকল্পে প্রবর্তিত সব আইন মেনে চলছেন।’