আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী আর নেই

বরিশালের সংসদ সদস্য আবুল হাসানাত অবদুল্লাহর সহধর্মিণী ও বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা শাহান আরা বেগম আর নেই। গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন আবুল হাসানাত আবদুল্লাহ। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ইত্তেফাককে বলেন, দুই দিন আগে তিনি ভর্তি হন। তার হার্টের সমস্যার পাশাপাশি ডায়াবেটিসও ছিল। কিন্তু রবিবার দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। চিকিত্সকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

আবুল হাসানাত আবদুল্লাহ জানান, রাতেই তার লাশ নিয়ে বরিশালের উদ্দেশে তারা রওনা দিয়েছেন। তিনি বলেন, আজ সোমবার বরিশালে জানাজার পর দাফন করা হবে।  

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই কালরাতে একই ঘটনায় আরো দুটি পরিবারের ওপর নেমে এসেছিল নিষ্ঠুর-নির্মম-নৃশংসতা। এর অন্যতম হলো বঙ্গবন্ধুর বোন আমেনা বেগম ও তার স্বামী তত্কালীন পানিসম্পদ ও কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবতের পরিবার এবং অপরটি হচ্ছে যুবলীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির পরিবার। সেদিন সেরনিয়াবাতের বাড়িতে নৃশংসতার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তার বড়ো পুত্রবধূ শাহান আরা বেগম। যিনি শরীরে চারটি গুলি লাগার পরেও বেঁচে গিয়েছিলেন। তিনি আবুল  আবদুল্লাহর সহধর্মিনী।

জেপির শোক :শাহান আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। এক বিবৃতিতে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।