সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, করোনাকালে বিচারপ্রার্থীদের পাশাপাশি সাধারণ আইনজীবীরাও ভোগান্তিতে রয়েছেন। তিন বলেন, সরকার ভার্চুয়াল কোর্ট চালু করেছে। কিন্তু এই ভার্চুয়াল কোর্ট সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থীদের কোন উপকারে আসছে না। সেজন্য দেশের সব আদালত অবিলম্বে খুলে দেয়া হোক।
আজ সোমবার রাজধানীর বসুন্ধরায় নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলন খন্দকার মাহবুব এ দাবি করেন।
তিনি বলেন, প্রয়োজনে নির্দিষ্ট নীতিমালা করে দেয়া হোক। কয়টি মামলা, কোন কোর্ট শুনবে, কি ধরনের মামলা শোনা হবে ইত্যাদি। হাইকোর্টের কোর্ট রুম অনেক বড়। সেখানে আমরা দুই তিনজন করে আইনজীবী থাকলে, আমি মনে করি সরকার যে উদ্দেশ্যে কোর্ট বন্ধ রেখেছে সে উদ্দেশ্য ব্যহত হবে না। তবে হাইকোর্টে অনেক সংখ্যক বিচারপ্রার্থী যাতে না আসে সেটা নিশ্চিত করতে হবে। এটা সীমিত করতে হবে।
আরও পড়ুন: রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত
খন্দকার মাহবুব বলেন, করোনার এই ব্যধি কবে শেষ হবে তা কেউ বলতে পারে না। তাই দীর্ঘ দিন ধরে আদালত বন্ধ থাকতে পারে না। এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং আইনজীবীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি বিবেচনা করে প্রধান বিচারপতি অবিলম্বে কোর্ট খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ইত্তেফাক/কেকে