বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত মন্ত্রিসভায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ার পাশাপাশি নারীদের সরাসরি অংশগ্রহণ বাড়ছে সংসদেও। এবার মুক্তিযুদ্ধের চেতনার দল আওয়ামী লীগ রেকর্ড সংখ্যক নারীকে এমপি পদে মনোনয়ন দেয়। রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ফলও আশা জাগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জন নারী সরাসরি নির্বাচনে জয়ী হয়েছেন যা রেকর্ড।
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। আগামী ২৫ বছর পর্যন্ত এই নীতি বহাল থাকবে। যদিও নারী অধিকার রক্ষা সংগঠনগুলো নারীদের জন্য আসন সংরক্ষিত না রেখে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এই দাবির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ অধিক নারীদের মনোনয়ন দেয়। আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে রেকর্ডসংখ্যক ৬৯ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়। এমনকি সবচেয়ে কম বয়সে নারীকেও মনোনয়ন দেওয়া হয়েছিল। রবিবারের বেসরকারি ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ থেকে মনোনীত নারীদের ১৯ জনই জয় পেয়েছেন। এ ছাড়া, জাতীয় পার্টি (জাপা) থেকে দুইজন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) থেকে একজন নারী নির্বাচিত হয়েছেন।
নারীদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), মতিয়া চৌধুরী (শেরপুর-২), রেবেকা মমিন (নেত্রকোনা-৪), জয়া সেনগুপ্ত (সুনামগঞ্জ-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সীগঞ্জ-২), সাহারা খাতুন (ঢাকা-১৮), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), সেলিমা আহমেদ মেরী (কুমিল্লা-২), দীপু মনি (চাঁদপুর-৩), আয়েশা ফেরদাউস (নোয়াখালী-৬), শাহিনা আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), সাজেদা চৌধুরী (ফরিদপুর-২), জাসদের শিরীন আখতার (ফেনী-১) এবং জাপার রওশন এরশাদ (ময়মনসিংহ-৪) ও নাসরিন জাহান রতনা (বরিশাল-৬) জয় পেয়েছেন।
রেকর্ড সংখ্যক নারীদের জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে নারীদের অনেক উন্নয়ন হয়েছে। এর ফলে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। এই জয়ে ভবিষ্যতে নির্বাচিত নারীরা সংসদে নারীদের অগ্রগতি তথা পুরো সমাজের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করি। নারীদের এই জয় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে নারীরা বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। নতুন সরকারেও বেশ কয়েকজন নারীকে মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথম সংসদ নির্বাচন ১৯৭৩ সালে কোনো নারী সদস্য সরাসরি নির্বাচিত হতে পারেননি, কারণ তখন কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে সংরক্ষিত আসনে নারী সদস্য ছিলেন ১৫ জন। দ্বিতীয় সংসদ নির্বাচনে ১৯৭৯ সালে দু’জন নারী সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। তারা হলেন খুলনা-১৪ আসন থেকে সৈয়দা রাজিয়া ফয়েজ ও টাঙ্গাইল-১ আসন থেকে আশিফা আকবর। এরপর তৃতীয় সংসদে ৫ জন, চতুর্থ সংসদে ৪ জন, পঞ্চম সংসদে ৬ জন, ষষ্ঠ সংসদে ৩ জন, সপ্তম সংসদ ৮ জন, অষ্টম সংসদ ৭ জন, নবম সংসদে ২১ জন এবং দশম সংসদ ২২ জন।