স্পোর্টস ডেস্ক
ঘটনা ২০১১ সালের। সেবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিটি ছিল শচিন টেন্ডুলকারের ৯৯তম শতরান। বিশ্বকাপের পর ইংল্যান্ড সফরে ওভাল টেস্টে তার সেঞ্চুরি প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু ৯১ রানে টিম ব্রেসনানের বলে তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার রড টাকার। টিভি রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরের অংশে কেবল সামান্য স্পর্শ করছিল।
সেই স্মৃতিচারণা করলেন ব্রেসনান। বললেন, ‘বলটা হয়তো লেগ স্টাম্প মিস করছিল, কিন্তু অস্ট্রেলিয়ান আম্পায়ার হিল (টাকার) তাকে আউট দিয়ে দেন। টেন্ডুলকারের রান তখন ছিল আশির মতো (৯১), নিশ্চিতভাবেই সেঞ্চুরি পেতে যাচ্ছিলেন। আমরা সিরিজ জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাই।’
তবে, সেই ঘটনায় মৃত্যুর হুমকি পেয়েছিলেন ব্রেসন্যান, ‘আমি ও আম্পায়ার, আমরা দুই জনই মৃত্যুর হুমকি পেয়েছিলাম। ঐ ঘটনার অনেক দিন পর পর্যন্ত পেয়েছি। আমাকে হুমকি দেওয়া হয়েছে টুইটারে। তার (টাকার) বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়ে লোকে হুমকি দিয়েছে। সত্যিকার অর্থেই খুন করার হুমকি দিয়ে তাকে লিখেছিল, ‘কত বড়ো সাহস তুমি টেন্ডুলকারকে এলবিডব্লিউ দাও? বল তো লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল!’