যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে পুরো দুনিয়ায় বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই। এ প্রতিবাদে শুরুর দিকেই শামিল হয়েছিল লিভারপুল দল। ফ্লয়েডের ঘাড়ে পুলিশের হাঁটু গেড়ে বসার অনুকরণে হাঁটু গেড়ে বসে ছবি তুলেছিলেন মোহামেদ সালাহরা, জর্ডান হেন্ডারসনরা। খেলোয়াড়দের এমন প্রতিবাদে মুগ্ধ হয়েছেন কোচ ক্লপ। তিনি জানান, বিশাল একটা বার্তাই দিয়েছে এই প্রতিবাদ। জার্মান কোচের ভাষ্য, ‘দলটার সঙ্গে কাজ করে আমি অনেক দিন ধরেই গর্বিত। কিন্তু এটা অসাধারণ কিছুই ছিল। যখন আমি তাদের দেখলাম আর ছবিটা তোলা হলো, আমার বেশ গর্ববোধ হচ্ছিল। কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বার্তাও। এ নিয়ে কোনো প্রশ্নই নেই।’