স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায় সোমবার সাত বছরের শিশু ফাহিমের হাঁসুয়ার কোপে মায়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফাতেমা (২৫)। পরে রক্ত দেখে শিশুটি ভয়ে পালিয়ে যায় ফুপুর বাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে কোলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বর্ণনা দেয়।
নগরীর দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, ঘটনার সময় ফাহিম বাবা-মার কাছে পাঁচ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা না দিয়ে চড় থাপ্পড় দিয়ে শাসন করে। এ সময় ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকারি কাটার হাসুয়া দিয়ে আঘাত করে। এতে রক্ত বের হতে দেখে সে ভয়ে ফুপুর বাড়ি চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মা ফাতেমার মৃত্যু হয়। ওসি আরো জানান, সে সাবলীলভাবেই ঘটনার বর্ণনা দিয়েছে। সে এটা বলেছে, এখন মা মরে গেছে, কি করব বুঝতে পারছি না। শিশুটিকে গ্রেফতার করা হবে না। তবে কি পদক্ষেপ নেওয়া হবে তা পরে জানানো হবে বলে জানান তিনি।