চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বেগমগঞ্জে ৯ থেকে ২৩ জুন পর্যন্ত কারফিউর আদলে পুনরায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। উপজেলায় ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ পার হয়েছে। মারাও গেছেন ১৮ জন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকে সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি বেগমগঞ্জ বিশেষ করে চৌমুহনীর জনগণ ও ব্যবসায়ীরা না মেনে বেপরোয়াভাবে চলাচল এবং দোকানপাট খোলা রেখেছে। বহিরাগত অনেক লোকও বেগমগঞ্জে ঢুকে পড়ে। এতে বেগমগঞ্জে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। জেলা প্রশাসন সভা করে প্রথমে ২৩ থেকে ৩১ মে ও পরে ১ থেকে ৭ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করে। সেটাও প্রায় ব্যর্থ হয়ে যায়। এতেও ফল হয়নি। তাই জেলা প্রশাসন ৭ জুন সভা করে বেগমগঞ্জে আজ ৯ থেকে ২৩ জুন পর্যন্ত কারফিউর আদলে লকডাউন ঘোষণা করে।