প্রতিবছর নানা আয়োজন থাকলেও জাতীয়তাবাদী ছাত্রদল এবছর তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেনি। তারা এ দিবসে কোনো কর্মসূচিও রাখেনি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চতুর্থ তলায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ নির্বাচনের পরে তিনদিন সভা-সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হবে। জানা গেছে, প্রতি বছর জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, প্রথম প্রহরে কেক কাটার অনুষ্ঠান, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল সভাপতি শামসুজ্জামান দুদু আক্ষেপ প্রকাশ করে বলেন, ছাত্রদল একটি গর্বের সংগঠন। আজকে তার প্রতিষ্ঠাবার্ষিকী। তারা কোনো কর্মসূচি পালন করেনি। একটি কেকও তো কাটতে পারতো। সকালে বিএনপি অফিসে গিয়েছি। নতুন বছরের প্রত্যাশা ছিল সকালে অফিসে এসে ছাত্রদলের কোনো নেতার শুভেচ্ছা পাব। একটি টেলিফোনও পাইনি। এটা বেদনার, দুঃখের। উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।