করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় ‘সেলফ আইসোলেশনে’ গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার তার করোনা টেস্ট করার কথা রয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রবিবার থেকেই অসুস্থতা দেখা দিয়েছে কেজরিওয়ালের। জ্বরের পাশাপাশি কাশিও রয়েছে তার। এ কারণে সেদিন থেকেই আর কারো সঙ্গে দেখা করেননি তিনি। বাতিল করা হয়েছে তার সব বৈঠকও। ঐদিন সকালেই করোনা নিয়ে এক দীর্ঘ সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। সেই বৈঠকে তিনি ঘোষণা দিয়েছিলেন, দিল্লির বেসরকারি হাসপাতালের করোনা শয্যা শুধু রাজ্যবাসীর জন্য। আগের দিন শনিবার করোনা শয্যা নিয়ে কালোবাজারি রুখতে নার্সিংহোমগুলোকে বার্তা পাঠিয়েছিলেন তিনি। প্রতিবারই মুখে মাস্ক পরে আসতে দেখা গেছে তাকে।
উল্লেখ্য, ভারতে করোনা সংক্রমণের অন্যতম হটস্পট দিল্লি। সেখানে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন প্রায় ৮০০ জন। গত ১ জুনের পর থেকে প্রতিদিনই দিল্লিতে ১ হাজারেরও বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।
০