ইত্তেফাক রিপোর্ট
মুজিব শতবর্ষে দেশের শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। একই সঙ্গে স্বতন্ত্র এবতেদায়ি, অনার্স-মাস্টার্স, সেকায়েপ প্রকল্পের শিক্ষকসহ সব ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল সোমবার স্বাশিপ আয়োজিত ‘ভার্চুয়াল’ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় বাড়িভাড়া, চিকিত্সাভাতা, উত্সবভাতা বৃদ্ধি, অতিদরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি, কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা প্রদানের জন্য আসন্ন বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগদান এবং বেসরকারি শিক্ষকদের বদলি কার্যকর করা দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, করোনায় শিক্ষা সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। ননএমপিও প্রতিষ্ঠানগুলো চরম অর্থ সংকটে পড়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন। এমতাবস্থায় শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করা হলে শিক্ষা সেক্টর চরম সংকটে নিপতিত হবে।