ব্লাসফেমির অভিযোগ থেকে সমপ্রতি মুক্তি পাওয়া আসিয়া বিবিকে আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কথা জানিয়েছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে মুক্তির আদেশ দেওয়ার আগে আট বছর কারাগারে কাটিয়েছেন মৃত্যুদণ্ড পাওয়া আসিয়া বিবি। তার অব্যাহতির আদেশ হওয়ার পর পাকিস্তানে সহিংস বিক্ষোভ শুরু হয়। প্রধানমন্ত্রী ট্রুডো বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, আসিয়া বিবিকে কানাডায় নিয়ে আসা এবং আশ্রয় দিতে চায় তার সরকার। প্যারিসে একটি কনফারেন্স চলার সময় ট্রুডো বলেন, সেখানে (পাকিস্তানে) অনেক স্পর্শকাতর বিষয় রয়েছে। সে কারণে এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তবে আমি মনে করিয়ে দিতে চাই, কানাডা একটি আন্তরিক দেশ। -বিবিসি