কালিয়াকৈরে ছিনতাই হওয়া ৮০ লাখ টাকা উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে পোশাক কারখানার ছিনতাই হওয়া ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে ২৪ ঘণ্টায় ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কারখানার জেনারেল ম্যানেজার (প্রডাকশন) খোরশেদ আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার উপজেলার কারুল সুরিচালা এলাকার ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সহকারী ম্যানেজার মেজবাহ উল হক, সহকারী হিসাবরক্ষক রাজীব চক্রবর্তী, কারখানার প্রকৌশলী শাকিবুল ইসলাম রতন, সহকারী মার্চেন্ডাইজার রাজীব মজুমদার শুভ, সিকিউরিটি গার্ড গোপাল তালুকদার ও শহিদুর রহমান ব্যাংক এশিয়া কালিয়াকৈর শাখা থেকে ৮০ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করে। পরে নিজেদের একটি মাইক্রোবাসে করে টাকা নিয়ে কারখানায় ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের দক্ষিণ পাশে পৌঁছলে সাত-আট জনের একদল সশস্ত্র ছিনতাইকারী দুইটি মোটরসাইকেল ও সাদা রঙের একটি নোহা গাড়ি দিয়ে তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মার্চেন্ডাইজার শুভ গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা চাইনিজ কুড়াল দিয়ে গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করে। পরে বস্তাভর্তি ৮০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা নিরাপত্তাকর্মী গোলাপ ও শহিদুল ইসলামকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে টাকা নিয়ে চলে যায়। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. সানোয়ার জাহান জানান, কারখানার জেনারেল ম্যানেজার বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।