নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করার লক্ষ্যে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বুধবার (২ জানুয়ারি) প্রেসে পাঠিয়েছে নির্বাচন কমিশন। গেজেট ছাপানোর তারিখ ১ জানুয়ারি (মঙ্গলবার) নির্ধারণ করে বিজি প্রেসে দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, 'বিকেলেই বিজি প্রেসে আজকের তারিখে (১ জানুয়ারি) গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। আশা করছি কালকের মধ্যে হাতে পৌঁছাবে'। এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, 'নাম, ঠিকানাসহ নির্বাচিতদের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যে সম্ভব না হলে বুধবার গেজেট প্রকাশ করা হবে'।
গত ৩০ ডিসেম্বর (রবিবার) দেশে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ২৯৯ টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮ টি সংসদীয় আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।
গেজেট প্রকাশের পর নবনির্বাচিতদের শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর পরবর্তী ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকতে হবে।
আরও পড়ুন: খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
ইত্তেফাক/জেডএইচডি