অস্ত্র, বিস্ফোরক নিয়ে সংসদ এলাকায় ঘোরাঘুরি নিষিদ্ধ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ায় আজ মঙ্গলবার মধ্যরাত থেকে সংসদ ভবন ও এর আশপাশ এলাকায় অস্ত্র ও বিস্ফোরকসহ ক্ষতিকর বস্তু নিয়ে ঘোরাঘুরি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ। গতকাল সোমবার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, বুধবার থেকে ১১তম জাতীয় সংসদের ৮ম (২০২০ সালের বাজেট) অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিতকরণকল্পে শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। তাই পুলিশ কমিশনারের (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) ওপর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঐ এলাকায় মঙ্গলবার রাত ১২টা থেকে সর্বপ্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

যে এলাকার জন্য প্রযোজ্য : ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ। ১১তম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।