কোনো মানব পাচারকারীকে ছাড় দেওয়া হবে না ----------- র্যাব ডিজি

মানব পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল রাজধানীর কাওরান বাজারে র্যাবের নিজস্ব একটি অ্যাপ উদ্বোধন ও করোনায় মারা যাওয়া চার সাংবাদিকের পরিবারকে অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। র্যাব ডিজি বলেন, লিবিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। আমরা ইতিমধ্যে এর মূল হোতাকে গ্রেফতার করেছি। আমরা কাউকে ছাড় দেব না।

সাংবাদিক পরিবারকে অর্থসহায়তার বিষয়ে র্যাব প্রধান বলেন, কেউ এভাবে স্বজন হারাক, তা আমরা চাই না। আমাদের যাতে এমন অনুষ্ঠান আর করতে না হয়, সেটাই চাই। আমরা অন্য কোনো অনুষ্ঠান করে মিলিত হব। এমন অনুষ্ঠান করতে চাই না। আমরা সাংবাদিকদের পাশে থাকব। অনুষ্ঠানে ক্র্যাবকে দুটি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্টেটর উপহার দেয় র্যাব। যাতে করোনা আক্রান্ত ক্রাইম রিপোর্টাররা প্রয়োজনের সময় দ্রুত অক্সিজেন পান।

র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, আমরা করোনা চিকিত্সায় একটি মডেল করার চেষ্টা করেছি। সারাদেশে যাতে হাসপাতালে চাপ না বাড়ে সেজন্য কিছু উদ্যোগ নিয়েছি। র্যাব তাদের বাহিনীর আক্রান্ত সদস্যদের আপডেট জানতে একটি অ্যাপ তৈরি করেছে। বাহিনীতে কর্মরত কোনো বাহিনীর কত জন সদস্য আক্রান্ত তা অ্যাপের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শেন অব বাংলাদেশের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের বলেন, র্যাব গঠনের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আসছে। দেশের এই দুর্যোগময় মুহূর্তে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে র্যাব। ক্রাইম রিপোর্টারদের জন্য মেডিক্যাল সামগ্রী উপহার দেওয়ার জন্য র্যাবকে ধন্যবাদ জানান তিনি। ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু ও র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেমসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।